প্রবারণা পূর্ণিমার হ্যান্ডবল ফাইনালে চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম
প্রবারণা পূর্ণিমার হ্যান্ডবল ফাইনালে চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

ছবি: বিডি মেইল

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি


প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে আয়োজিত প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জাদিতং যুব সংঘকে ১১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারমা বাজার একাদশ। রোমাঞ্চকর ফাইনালে মারমা বাজার একাদশ ৩৩-২২ গোলে জয় পায়।


পবিত্র মাহাঃ ওয়াগ্যোয়াই (পোয়েঃ প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাঠে নামে শক্তিশালী দুই দল জাদিতং যুব সংঘ ও মারমা বাজার একাদশ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মারমা বাজার একাদশ।


ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান জেলার সভাপতি উঃ চ নু মং মারমা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাধবী মারমা বলেন, খেলাধুলা তরুণ ও শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সবার আগ্রহী হওয়া প্রয়োজন।


তিনি আরও বলেন, সংসদে গেলে পাহাড়ি অঞ্চলের খেলোয়াড়দের প্রশংসা করা হয়। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান মাঠ সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। খেলাধুলায় অংশগ্রহণ ও তরুণদের উৎসাহিত করার আহ্বানও জানান তিনি।


সভাপতির বক্তব্যে উঃ চ নু মং মারমা বলেন, উৎসব উদযাপন পরিষদের এ আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তাঁরা আশাবাদী।


তিনি প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাহাঃ ওয়াগ্যোয়াই রথযাত্রায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।


খেলা শেষে আকাশে রঙিন ফানুশ উড়িয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।