৯ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম
৯ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি: বিডি মেইল

কুবি প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।


শনিবার (২৪ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।


তিনি বলেন, টানা নয় দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ছুটি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।


এদিকে দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা ধীরে ধীরে নিজেদের হল ও মেসে ফিরছেন। পরিচিত প্রাঙ্গণে সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও আড্ডায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস।


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।


ছুটি শেষে আগামীকাল থেকে নিয়মিত কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।