খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, একজনের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম
খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, একজনের ৩ মাসের কারাদণ্ড

ছবি: বিডি মেইল

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও গোপনে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে তাঁকে আটক করে র‍্যাব-৬।


শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে ঘোড়ার মাংস প্রস্তুত করার সময় তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পলাশ কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।


র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত এবং তা অন্য পশুর মাংস হিসেবে সরবরাহের অভিযোগ ছিল একটি চক্রের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে চক্রটির কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ।


ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক পলাশকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানার আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার এবং উপস্থাপিত আলামতের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, অপরাধ স্বীকার এবং আলামতের ভিত্তিতে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত পলাশকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।