পাবনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড, ২১ লাখ টাকার জাল ধ্বংস
ছবি: বিডি মেইল
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে আটজনকে আটক করে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দ করা ৯ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জেলা ও থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, পাবনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।
অভিযানে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।
মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধভাবে মাছ শিকার এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।








