শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, “শুভ জন্মদিন আপা।”
শেখ হাসিনার বর্তমান অবস্থান:
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
রাজনীতিতে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন:
সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। সরকার বিদায়ের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে সাকিবের বিরুদ্ধেও হত্যা মামলার খড়্গ নেমে আসে।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে না পারা:
২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। এজন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ না পাওয়ায় নির্ধারিত সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি তার। এরপর থেকেই তিনি পরিবারসহ আমেরিকায় অবস্থান করছেন।
প্রেক্ষাপট:
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল এই অলরাউন্ডার একদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করলেও অন্যদিকে রাজনীতিতে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছেন। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।









