ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ শিক্ষার্থী, পাসের হার ৯৯.১২ শতাংশ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ শিক্ষার্থী, পাসের হার ৯৯.১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। প্রতিষ্ঠানটির মোট ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২৭ জন পাস করেছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১২ শতাংশ।

তিন বিভাগ মিলিয়ে এ বছর ঢাকা কলেজ থেকে ৮৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে বিজ্ঞান বিভাগে।

বিভাগভিত্তিক ফলাফল:

বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এই বিভাগে মোট ৮৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন, এর মধ্যে ৮৬৩ জন পাস করেছেন এবং মাত্র ৪ জন ফেল করেছেন। বিভাগটিতে ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগেও ফলাফল সন্তোষজনক। এ বিভাগে ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৫ জন পাস করেছেন, ফেল করেছেন মাত্র একজন। এই বিভাগে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে মানবিক বিভাগে মোট ১৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১২৯ জন পাস করেছেন এবং ৬ জন ফেল করেছেন। বিভাগটি থেকে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

দেশের সামগ্রিক ফলের প্রেক্ষাপটে:

এর আগে, সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড—২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।

এ বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই তুলনায় ঢাকা কলেজের ফলাফল এ বছরও রাজধানীসহ সারাদেশে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হচ্ছে।