জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য
ডেস্ক রিপোর্ট:
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে তিন বাহিনীর মোট ৯৪ হাজার সদস্য। এর মধ্যে ৯০ হাজার সেনা, ২ হাজার ৫০০ নৌবাহিনী এবং এক হাজার ৫০০ বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা স্থাপন করা হবে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বৈঠকের তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টাকে আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে অবহিত করেছেন।









