চাকসু ও হল সংসদ নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
চাকসু ও হল সংসদ নির্বাচন পিছিয়ে  ১৫ অক্টোবর

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। এর আগে দুপুর ২টায় নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, প্রার্থী ও শিক্ষার্থীদের অনুরোধ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্ধারিত ছিল ১২ অক্টোবর।

অধ্যাপক সিদ্দিকী বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে প্রার্থীরা প্রচারণার জন্য যথেষ্ট সময় পাচ্ছিলেন না। পাশাপাশি কমিশনের প্রস্তুতির জন্যও আরও সময় প্রয়োজন। তাই নির্বাচন দুই দিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।”

এ ছাড়া প্রার্থীদের অনুরোধে ১২-১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনও একদিন বাড়িয়ে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে। একই দিনে প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।