যবিপ্রবিতে ইকসের ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান, আসছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
সংগৃহীত
যবিপ্রবি প্রতিনিধি
ইসলামি সংস্কৃতির আবহে নবীনবরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইর্তিকা ’২১’। আগামী ২৩ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আলোচক শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানে নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘গাইডেন্স সিম্পোজিয়াম’। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এ ছাড়া ‘সিরাহ ৩৬০° ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’-এর পুরস্কার বিতরণী, গেম সেগমেন্ট ও সুরের ধারাসহ থাকছে নানা আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘মেহফিল-ই-ইর্তিকা’ ও কালচারাল নাইট। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে ‘আজাদী মঞ্চ’ (Azadi Mancha)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
আয়োজন উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য ক্যাটাগরিভিত্তিক উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের উপহার হিসেবে থাকবে আল-কুরআনুল কারিম, পোলো শার্ট বা স্কার্ফ, উত্তরীয়, সম্মাননা স্মারক, চাবির রিং ও গিফট ব্যাগ। নবীন শিক্ষার্থীদের দেওয়া হবে আল-কুরআনুল কারিম, পোলো শার্ট বা স্কার্ফ, চাবির রিং ও গিফট ব্যাগ। সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্যও থাকবে পোলো শার্ট বা স্কার্ফ, চাবির রিং ও গিফট ব্যাগ।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে নবীন ও সাধারণ শিক্ষার্থীদের জন্য ২৯৯ টাকা এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য ৪৯৯ টাকা। এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৪৯৯ টাকা বা তার বেশি নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ইসলামিক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা নয়; বরং এটি শিক্ষার্থীদের চিন্তাচেতনা, নৈতিকতা ও ব্যক্তিত্ব গঠনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো জরুরি। সেই লক্ষ্য থেকেই ‘ইর্তিকা ’২১’-এর আয়োজন। এ আয়োজনের মাধ্যমে আমরা বিদায়ী শিক্ষার্থীদের প্রতি সম্মান, নবীনদের আন্তরিক স্বাগত এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত করতে চাই।’
এমকে/বিএম২৪








