১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানিমুখী কারখানাগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানায়, তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।
বিজিএমইএ জানায়, উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না অনেক কারখানা। ফলে অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর পাশাপাশি ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএর মতে, ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন।
প্রকৃত ক্ষতি আরও বেশি হওয়ার আশঙ্কা
বিজিএমইএর ধারণা, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে অনেক ক্ষতিগ্রস্ত কারখানার তথ্য এ হিসাবের বাইরে রয়ে গেছে।
এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
বিজিএমইএ আরও বলেছে, এই ক্ষতির প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়েছে।
সংগঠনটির মতে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ জরুরি। শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।









