পঞ্চগড়ে শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত নুর আলম আশুলিয়ায় এসআরবির হাতে আটক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
পঞ্চগড়ে শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত নুর আলম আশুলিয়ায় এসআরবির হাতে আটক

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. নুর আলমকে (৩৫) ঢাকার আশুলিয়া থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


গত শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার পর আশুলিয়ার নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরদিন রোববার এসআরবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


আটক নুর আলম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুটুজোত এলাকার মোকছেদুল হকের ছেলে।


এসআরবির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে অভিযুক্তের মুদি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় নানা প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে নুর আলমের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১১। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে আটকের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ও ঢাকা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে আটক করে।


আটকের পর নুর আলমকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এমকে/বিএম২৪