পলিথিন-শুকনো পাতার ছাউনিতে দেলোয়ারার বসবাস, শেষ বয়সে একটু আশ্রয়ের আকুতি
সংগৃহীত
বরগুনা প্রতিনিধি
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ কবি সুকান্ত ভট্টাচার্যের এই পঙ্ক্তি যেন বাস্তবে ধরা দিয়েছে বরগুনার তালতলী উপজেলার বৃদ্ধা দেলোয়ারা বেগমের জীবনে। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী কখনো একবেলা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটান। মাথার ওপর নেই নিরাপদ ছাদ। পলিথিন ও শুকনো পাতার তৈরি ছাউনিই তাঁর একমাত্র আশ্রয়।
স্বামী গনি মুন্সির মৃত্যুর পর প্রায় ২০ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিন মেয়েকে বড় করেছেন দেলোয়ারা বেগম। সন্তানদের মানুষ করতে জীবনের দীর্ঘ সময় সংগ্রাম করলেও আজ জীবনের শেষ প্রান্তে এসে তিনি অনেকটা একা ও অসহায়। বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়ালভাঙা এলাকায় তাঁর বসবাস।
দেলোয়ারা বেগমের কোনো ছেলে সন্তান নেই। কষ্ট করে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর মেয়েরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। তাঁদের আর্থিক অবস্থাও ভালো নয়। ফলে মায়ের ভরণপোষণের দায়িত্ব নেওয়া তাঁদের পক্ষে কঠিন। অন্যদিকে বয়স ও শারীরিক দুর্বলতার কারণে কাজ করার সামর্থ্যও হারিয়েছেন দেলোয়ারা। এতে অনাহারে-অর্ধাহারে কাটছে তাঁর দিন।
যেখানে তিনি বসবাস করেন, সেটিকে ঘর বলারও উপায় নেই। পলিথিন ও শুকনো পাতা দিয়ে তৈরি জরাজীর্ণ ছাউনির নিচেই তাঁর বসবাস। ঘরের একপাশে পলিথিন ও মশারির জাল দিয়ে কোনো রকমে আড়াল তৈরি করেছেন। আকাশে মেঘ জমলেই বাড়ে তাঁর দুশ্চিন্তা। বৃষ্টি হলে ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে ভিজে যায় থাকার জায়গা। ঝড়-বৃষ্টির রাতে নিরাপদ আশ্রয় না থাকায় আতঙ্কে কাটে সময়।
অশ্রুসিক্ত কণ্ঠে দেলোয়ারা বেগম জানান, অনেক দিন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। ঠিকমতো খাবারের ব্যবস্থাও করতে পারেন না তিনি। তাঁর আক্ষেপ, বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। সরকারের কাছে তাঁর একটাই চাওয়া, থাকার জন্য একটি ঘর। জীবনের বাকি দিনগুলো অন্তত একটু নিরাপদে কাটাতে চান তিনি।
প্রতিবেশী মোসাম্মৎ রেবেকা বেগম জানান, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দেলোয়ারা বেগম এখন আর কাজ করতে পারেন না। কোথাও গিয়ে সহযোগিতা চাওয়ার সামর্থ্যও নেই তাঁর। কখনো অন্যের বাড়িতে কাজ করে, আবার কখনো মানুষের দয়ায় দুমুঠো খাবার জোটে। কোরবানির ঈদে পাওয়া মাংস কিংবা প্রতিবেশীদের সামান্য সহযোগিতায় কোনো রকমে বেঁচে আছেন তিনি।
প্রতিবেশীদের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার কর্মীরা এসে তাঁর নাম-ঠিকানা নিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো ঘর কিংবা নিয়মিত সহায়তা পাননি দেলোয়ারা বেগম। বারবার আশ্বাস ও তালিকাভুক্তির পরও তাঁর ভাগ্যে জোটেনি নিরাপদ আশ্রয়।
সারাজীবন সন্তানদের মুখে হাসি ফোটাতে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন যে মা, জীবনের শেষ সময়ে তাঁর চাওয়া খুব বেশি কিছু নয়। মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার আর একটু নিশ্চিন্তে বেঁচে থাকার নিশ্চয়তা।
দেলোয়ারা বেগমের এমন মানবেতর জীবনযাপনের বিষয়টি কি নজরে আসবে তালতলী উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের? জীবনের শেষ সময়ে অন্তত একটি নিরাপদ আশ্রয় কি জুটবে এই অসহায় নারীর কপালে?
এমকে/বিএম২৪








