সূত্রাপুরে মাথায় ককটেল পড়ে গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি
ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদক
রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মালি হিসেবে কর্মরত।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর ইসলামের বাড়ি রাজধানীর লালবাগের ৩৮/২, সমাজকল্যাণ গলি এলাকায়। তার বাবার নাম আব্দুল আজিজ আকন। তিনি সোহরাওয়ার্দী কলেজের পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কলেজের নিরাপত্তাকর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে। এতে তাঁর মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে।
পরে খবর পেয়ে তাঁর ভাই আলমগীর ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









