জনগণের ঐক্য চাইলে গণভোটের রায় কার্যকর করতে হবে: আজহারুল ইসলাম
ছবি: বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা ব্যক্তি বা দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ দল হিসেবে ফিরে না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় আসতে পারে। তারা আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে। এটি হতে দেওয়া যাবে না। এ পথ বন্ধ করতেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য সরকারই দায়ী। দেশ, সীমান্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে পারছে না। বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এই উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্তভাবে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। যারা এখনো পালিয়ে যায়নি, তারাও পালানোর সুযোগ পাবে না। সরকারকে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। জনগণের ক্ষতি যাতে না হয়, সে জন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত মাঠে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
নির্বাচন ও গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি একটি শপথ নিলেও গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এর মাধ্যমে দলটি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, এখনো সুযোগ আছে। বিএনপির উচিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনাই হবে জাতীয় ঐক্যের ভিত্তি। এর বাইরে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না জামায়াত।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মেনে নেবে না। জামায়াত জনগণের পাশে দাঁড়াবে। দেশের ঐক্য প্রতিষ্ঠায় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাহসিকতার সঙ্গে জবাব দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় আরও বক্তব্য দেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।









