পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী দুই মামলার আসামি ও তালিকাভুক্ত চাঁদাবাজ রশিদুল গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী দুই মামলার আসামি ও তালিকাভুক্ত চাঁদাবাজ রশিদুল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলার এজাহারনামীয় আসামি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ মো. রশিদুল ইসলামকে (৩৮) ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।


রোববার (২২ নভেম্বর) এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার কেসাডাঙ্গী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রশিদুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। এসআরবির বিজ্ঞপ্তিতে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোদা উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বোদা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রশিদুল ইসলামের বিরুদ্ধে বোদা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবেও তাঁর নাম রয়েছে।


এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ও দিনাজপুর ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল ঠাকুরগাঁও সদর উপজেলার কেসাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


**এমকে/বিএম২৪**