কালিগঞ্জের নলতা এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক গুরুতর আহত

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
কালিগঞ্জের নলতা এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আকলিমা খাতুন (৩৬)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা হাইস্কুল মাঠ এলাকায়।

আহত রফিকুল ইসলাম ও তার স্ত্রী বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সাংবাদিক রফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আকলিমা খাতুন জানান, নলতা মাঠপাড়া গ্রামের মৃত জব্বার ময়রার ছেলে মাদক ব্যবসায়ী বাবু (৪৫) ও একই এলাকার আরজ ময়রার ছেলে আল-আমিন হোসেন (২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী রফিকুল ইসলামকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তার উপরও চড়াও হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে প্রাচীরের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, সাংবাদিক রফিকুল ইসলামের মাথায় গভীর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, আহত সাংবাদিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করে আসছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।