খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯
ছবি: বিডি মেইল
খুলনা প্রতিনিধি
খুলনায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। গত ১৩ ও ১৪ অক্টোবর নগরীর লবণচরা, খানজাহান আলী, খালিশপুর ও দৌলতপুর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানা-পুলিশ পুটিমারী কবিরাজপাড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মো. জাহিদ মুন্সীকে গ্রেপ্তার করে। অন্যদিকে, খানজাহান আলী থানা-পুলিশ জাব্দীপুর এলাকা থেকে মো. মেহেবুব শেখকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
খালিশপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হন চারজন। তাঁদের মধ্যে বিআইডিসি রোড এলাকা থেকে বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়। গাবতলা রোড এলাকা থেকে ২৫টি ইয়াবাসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।
এ ছাড়া নেভি গেট এলাকার একটি খালি ঘর থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, পাইপ ও ব্লেডসহ আরাফাত ও সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, দৌলতপুর থানা-পুলিশ পৃথক মাদক মামলায় মো. পারভেজ হাওলাদার, ফারুক খালাসী ও হিরা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
কেএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।








