খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও তাঁর সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।


পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।


এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।


সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে।


এমকে/বিডিমেইল২৪