বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্ব

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্ব

সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, আত্মমর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাধীন চলাচল নিশ্চিত করতে সাদাছড়ি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। তাঁদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, প্রতিবন্ধিতা যেন কারও সম্ভাবনা ও সক্ষমতা বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এ জন্য দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।


জেলা প্রশাসক বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলবান্ধব পরিবেশ তৈরি, জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলা প্রয়োজন। এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।


উল্লেখ্য, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সাদাছড়ির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।


এমকে/বিডিমেইল২৪