ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় সাংবাদিকরা পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের। তবে জরুরি কেবিনেট সভার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি মৌখিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ অতিথি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও পরীক্ষাসংক্রান্ত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনিও সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী এবং লস্কারদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মোঃ শাহীর উদ্দিন নাহিদ এবং গীতা পাঠ করেন সুমন কুমার সাহা। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। স্বাগত বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তাঁদের পরিচয়পত্র পরিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।


এ সময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমীন রিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব মিয়া, দপ্তর সম্পাদক শেখ হাসান, সাংবাদিক কল্যাণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী লিটু, সহসভাপতি শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।


অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় হয়। পাশাপাশি স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে অংশগ্রহণকারীরা ফটোসেশনে অংশ নেন।


বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবনির্বাচিত কমিটির সদস্যরা পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এমকে/বিডিমেইল২৪