মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
সৌদি আরবের মক্কায় একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার।
বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। আজেল নিউজের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে আটক করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে বিচারিক আদালত অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখেন। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পবিত্র মসজিদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
এমকে/বিএম২৪








