জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
ডিসি ইবনে মিজান আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে হামলা বা নাশকতার আশঙ্কার বিষয়টি মানুষ বুঝতে পারছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এমকে/বিএম২৪








