খাগড়াছড়ির ৪ পূজামণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের অনুদান
সংগৃহীত
খাগড়াছড়ি প্রতিনিধি
শান্তি-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে মধুপুরে দলীয় কার্যালয়ে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ করেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
এ সময় তিনি বলেন, আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির এ ধরনের উদ্যোগ নতুন নয়। প্রতি বছর বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের উৎসবে পাশে থেকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, শুধু উৎসব নয়, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, বিশুদ্ধ পানি সরবরাহ, বাসস্থান নির্মাণ ও বিনোদনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি মানুষের পাশে থাকার চেষ্টা করে। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক।
বক্তারা বলেন, জনমানুষের আস্থার জায়গা হিসেবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ কার্যক্রম আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতায় ইউপিডিএফ গণতান্ত্রিক পাশে থাকবে বলেও তাঁরা জানান।
এ সময় দুর্গাপূজা আরও আনন্দমুখরভাবে উদযাপনে সব সম্প্রদায়ের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরে খাগড়াছড়ির চারটি দুর্গাপূজামণ্ডপের কর্তৃপক্ষের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এমকে/বিডিমেইল২৪









