খাগড়াছড়িতে ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, উৎসবের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। সবার সঙ্গে আত্মীয়সুলভ ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। এর মাধ্যমে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন এবং সম্প্রীতিময় পরিবেশ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার মোট ৬৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, কুহেলী দেওয়ান ও তাসলিমা সিরাজ। এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকে/বিডিমেইল২৪








