ইন্দোনেশিয়ায় ৭৪ বছরের বৃদ্ধের ২৪ বছরের তরুণীকে বিয়ে, দেনমোহর ২ কোটি টাকারও বেশি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
ইন্দোনেশিয়ায় ৭৪ বছরের বৃদ্ধের ২৪ বছরের তরুণীকে বিয়ে, দেনমোহর ২ কোটি টাকারও বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাসিতান রিজেন্সিতে এক অভিনব বিয়ে নিয়ে তোলপাড় পুরো দেশ। ৭৪ বছর বয়সী তরমান নামের এক বৃদ্ধ নিজের বয়সের চেয়ে ৫০ বছর ছোট ২৪ বছরের তরুণী শেলা আরিকাকে বিয়ে করেছেন। এই জাঁকজমকপূর্ণ বিয়েতে কনে শেলাকে প্রায় তিন বিলিয়ন রুপিয়াহ দেনমোহর দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২২ লাখ টাকার সমান।

দেনমোহর তিনগুণ বাড়ালেন বর

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুতে বিয়ের আয়োজকদের জানানো হয়েছিল যে দেনমোহরের পরিমাণ হবে এক বিলিয়ন রুপিয়াহ। তবে অনুষ্ঠানের দিন বর তরমান দেনমোহর বাড়িয়ে তিন বিলিয়ন রুপিয়াহ ঘোষণা করেন, যা অতিথিদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করে।

অতিথিদের জন্য নগদ উপহার

আরও এক ব্যতিক্রমী ঘটনায়, বিয়ের অতিথিদের উপহার হিসেবে ১ লাখ রুপিয়াহ করে নগদ অর্থ দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, বিলাসবহুল সাজসজ্জার মধ্যে হাস্যোজ্জ্বল নবদম্পতি ও উৎসবমুখর পরিবেশ।

বিতর্কে ফটোগ্রাফার বিল

তবে এই রাজকীয় বিয়ের আনন্দ ম্লান হয়ে যায় এক বিতর্কে। অনুষ্ঠানের পর বিয়ের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংস্থা অভিযোগ তোলে যে, নবদম্পতি তাদের পারিশ্রমিক পরিশোধ না করেই উধাও হয়েছেন। সংস্থাটি পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় স্থানীয় প্রশাসন।

‘পালিয়ে যাননি, মধুচন্দ্রিমায় আছি’

ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন। কেউ কেউ দাবি করেন, বর তরমান কনের পরিবারের মোটরসাইকেলে চড়ে পালিয়েছেন। এমনকি তিন বিলিয়ন রুপিয়াহর চেকটি আসল ছিল কি না তা নিয়েও সন্দেহ ওঠে।

তীব্র সমালোচনার মুখে তরমান সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান,

> “দেনমোহর সম্পূর্ণ বৈধ, এটি ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া দ্বারা সমর্থিত। আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি, আমরা এখনও একসঙ্গে আছি।”

কনের পরিবারও নিশ্চিত করেছে যে তারা কোথাও পালিয়ে যাননি, বরং বর্তমানে মধুচন্দ্রিমায় রয়েছেন।

সামাজিক গবেষকদের বিশ্লেষণ

‘জার্নাল অব ফ্যামিলি ইস্যুজ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় দাম্পত্য জীবনে বয়সের ব্যবধান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই কমছে। সেই প্রেক্ষাপটে তরমান ও শেলার এই বিয়ে দেশজুড়ে কৌতূহল ও বিতর্ক দুটোই বাড়িয়ে দিয়েছে।