৩৪ হাজার কিলোমিটার ভ্রমণে রাফিনিয়া, ‘ব্রাজিল অভিশাপে’ শঙ্কিত বার্সা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
৩৪ হাজার কিলোমিটার ভ্রমণে রাফিনিয়া, ‘ব্রাজিল অভিশাপে’ শঙ্কিত বার্সা

স্পোর্টস ডেস্ক


শুরু হচ্ছে আন্তর্জাতিক বিরতি। ক্লাব ছেড়ে জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন ফুটবলাররা। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াও আছেন জাতীয় দলের তিন ম্যাচের স্কোয়াডে। তবে আন্তর্জাতিক বিরতি শেষে এই তারকাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বার্সেলোনা।


চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম আট ম্যাচে ৬২৬ মিনিট খেলেই করেছেন ১৪ গোল। ফলস নাইন হিসেবে খেললেও সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস চলে যাওয়ার পর আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণ করে কোচ হান্সি ফ্লিকের আস্থার প্রতিদান দিচ্ছেন এই ব্রাজিলিয়ান।


তবে আন্তর্জাতিক বিরতি বার্সার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে দুইবার চোট নিয়ে ফিরেছেন রাফিনিয়া। প্রথমবার গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধেই চোট পান তিনি। ডান ঊরুর বাইসেপস ফেমোরিস পেশিতে চিড় ধরায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় তাকে।


চোটের কারণে গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়াকে হারানোর মাশুলও দিতে হয়েছিল বার্সেলোনাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ এবং চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দুই প্রতিযোগিতা থেকেই বিদায় নেয় বার্সা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে উইঙ্গারকে হারিয়েও লা লিগার শিরোপা জেতে ফ্লিকের দল।


এরপর বিশ্বকাপের জন্য ব্রাজিলের দলে ডাক পান রাফিনিয়া। হাইতির বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচে পুরোনো ব্যথা আবারও ফিরে আসে। ৩৮তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ে। নিবিড় চিকিৎসার মধ্যেও নরওয়ের কাছে হেরে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে আর মাঠে ফিরতে পারেননি তিনি।


এবার ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন রাফিনিয়া। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।


এই তিন ম্যাচকে ঘিরে ব্রাজিলকে বিমানে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। একই ভ্রমণের ধকল সামলাতে হবে রাফিনিয়াকেও। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপর দীর্ঘ ভ্রমণ ও ম্যাচের চাপ পড়লে বার্সেলোনার জন্য তা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।


স্পোর্ত সংবাদপত্রের মতে, এই সফর ‘ক্লান্তিকর’ এবং এতে খেলোয়াড়ের ওপর বড় ধরনের শারীরিক চাপ তৈরি হতে পারে। তাদের হিসাবে, বার্সেলোনার এই খেলোয়াড়কে আকাশপথে প্রায় ৩৪ হাজার কিলোমিটার ভ্রমণ করতে হবে, যা মোটামুটি একবার পৃথিবী প্রদক্ষিণ করার সমান।


এমকে/বিএম২৪