জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।


রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।


এর আগে রোববার রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসেন। সেখানে তিনি সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।


পোস্টে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’


পোস্টটির মন্তব্যের ঘরে সাজ্জাদ হোসেন আরও লেখেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরও দাবি করেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পরও সরকার জনগণের কথা বিবেচনা করে দাম কম রাখায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা এলে দেশেও জ্বালানি তেলের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সাজ্জাদের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমি সংগঠনের কাছে অনুগত। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দেব।’


এমকে/বিএম২৪