ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়েও জয় পেল না মায়ামি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়েও জয় পেল না মায়ামি

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইন্টার মায়ামি। চার দিন পর এমএলএসের ম্যাচেও গোল পেলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল দলটি।


ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে সান দিয়েগোকে এগিয়ে দেন ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার। মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।


২৪তম মিনিটে ফ্রি কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শট নেন আর্জেন্টাইন তারকা। বল কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে দূরের পোস্টে স্পর্শ করে জালে জড়ায়।


এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। মায়ামির হয়ে এটি তার ১০১তম এবং ক্যারিয়ারে ৯৩০তম গোল। ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।


সমতা ফেরানোর পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। একের পর এক আক্রমণ করে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অবশ্য ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।


জয়ের পথে এগিয়ে থাকা মায়ামি শেষ ১০ মিনিটে এসে আবারও হতাশ হয়। ৮০ মিনিটের পর ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।


শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে মায়ামি। সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড রেভল্যুশন।


এমকে/বিএম২৪