রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে আরআরইউর শোক
সূত্রঃ ফাইল ছবি
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সমাজের অভিভাবকতুল্য ব্যক্তিত্ব সাইদুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।
সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও সজ্জন সহকর্মীকে হারিয়েছে উল্লেখ করে আরআরইউর ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা জামান পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী বলেন, “সাইদুর রহমান ভাই ছিলেন সাংবাদিক সমাজের একজন অভিভাবকতুল্য মানুষ। তাঁর স্নেহ, পরামর্শ ও আন্তরিকতা সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়েছে। তাঁর মতো একজন প্রিয় বড় ভাইকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা জামান বলেন, “সাইদুর রহমান ভাইয়ের মৃত্যুতে আমরা শুধু একজন সাংবাদিককে হারাইনি, হারিয়েছি একজন অভিভাবক ও আপনজনকে। তাঁর সঙ্গে কাটানো স্মৃতি এবং তাঁর স্নেহ-ভালোবাসা আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।”
শোকবার্তায় আরআরইউর নেতৃবৃন্দ বলেন, সাইদুর রহমানের মৃত্যু শুধু রাজশাহী প্রেসক্লাবের জন্য নয়, পুরো রাজশাহীর সাংবাদিক সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। অভিজ্ঞ ও অভিভাবকতুল্য এই সাংবাদিকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আল্লাহ মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।








