পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য আব্দুল আজিজ, ওমর ফারুক, সহিরুজ্জামান সাজু, মহিলা দলের নেত্রী মিলি কায়কোবাদ, আবু হানিফ বিপ্লব, যুবদল নেতা নাদিম আহমেদ ও ছাত্রদল নেতা আশরাফুল হক বিপুলসহ অনেকে।
এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এমকে/বিএম২৪








