২৫ বছরেই ইউরোপ ছাড়ছেন মার্তিনেল্লি, যাচ্ছেন আল হিলালে

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম
২৫ বছরেই ইউরোপ ছাড়ছেন মার্তিনেল্লি, যাচ্ছেন আল হিলালে

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


আর্সেনালের সঙ্গে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সম্পর্ক শেষ হওয়ার পথে। ২৫ বছর বয়সেই ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।


মার্তিনেল্লিকে দলে ভেড়াতে ৭ কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে আল হিলাল। ব্রাজিলিয়ান উইঙ্গারকে চার বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে সৌদি ক্লাবটি। ব্যক্তিগত শর্ত নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা না হলেও তা নিয়ে বড় কোনো জটিলতা নেই বলে জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হতে পারেন মার্তিনেল্লি।


এই দলবদল সম্পন্ন হলে আর্সেনালের ইতিহাসেও নতুন রেকর্ড গড়বেন তিনি। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া খেলোয়াড় হবেন মার্তিনেল্লি। এর আগে ২০১৭ সালে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের দখলে ছিল রেকর্ডটি।


আর্সেনালে মার্তিনেল্লির ভবিষ্যৎ নিয়ে অবশ্য আগেই প্রশ্ন উঠেছিল। চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড এবং প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ—দুটিতেই ৩-০ ব্যবধানে জয় পেলেও দলে ছিলেন না এই ব্রাজিলিয়ান।


এরই মধ্যে মার্তিনেল্লিকে দলে নিতে আগ্রহ দেখায় আল হিলাল। গত ২৩ আগস্ট তার এজেন্টের সঙ্গে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা শুরু করে সৌদি ক্লাবটি। এর আগে ১২ আগস্ট মার্তিনেল্লির জন্য ৪ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল তুরস্কের ক্লাব গালাতাসারাই। তবে সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি তিনি।


২০১৯ সালে আর্সেনালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৭৮ ম্যাচ খেলেছেন মার্তিনেল্লি। এ সময়ে তার গোল ৬২টি। আর্সেনালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে ক্লাবটির হাতে।



এমকে/বিএম২৪