স্মৃতির পাতায় ফিরে সময় কাটছে বুবলীর
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
অভিনয় ও শোবিজের ব্যস্ততা থেকে আপাতত দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কয়েক মাস ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। এর মধ্যে দ্বিতীয়বার মা হয়েছেন এই অভিনেত্রী। গত ১১ মে কন্যাসন্তানের মা হন তিনি। তবে বিষয়টি প্রকাশ্যে আনেন ৫ জুন।
বর্তমানে নবজাতক সন্তানকে সময় দিচ্ছেন বুবলী। পরিবার ও সন্তানকে ঘিরেই কাটছে তার দিন। অভিনয় থেকে বিরতিতে থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ ঠিকই ধরে রেখেছেন তিনি। নিয়মিত নিজের ফেসবুক পেজে নানা ছবি ও ভিডিও প্রকাশ করছেন।
তবে বুবলীর সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে একটি বিষয় বেশ স্পষ্ট—তিনি অনেকটাই স্মৃতিকাতর হয়ে উঠেছেন। গত এক মাসে একাধিক পুরোনো ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এসব পোস্টে উঠে এসেছে তার ফেলে আসা দিনের নানা মুহূর্ত।
গত ৬ আগস্ট একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রকাশ করেন বুবলী। রুপালি রঙের গাউনে সেজে থাকা সেই ভিডিওর ক্যাপশনে লেখেন ‘মুহূর্ত’। সঙ্গে দেন ‘থ্রোব্যাক মুড’ হ্যাশট্যাগ। দুই দিন পর একই ক্যাপশন ও হ্যাশট্যাগে আরও একটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে নীল শাড়িতে দেখা যায় তাকে। ১১ আগস্ট লাল ব্লেজার স্যুট পরা আরেকটি পুরোনো ভিডিওও শেয়ার করেন অভিনেত্রী।
এরপর ১৬ আগস্ট একটি সিনেমার শুটিংয়ের সময়কার স্মৃতি সামনে আনেন বুবলী। শুটিংয়ের সময় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়ার একটি ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘সিনেমার শুটিংয়ের ফাঁকে যখন কিছু ফুলের সঙ্গে দেখা হয়।’
পরদিন আরেকটি ফটোশুটের স্মৃতি শেয়ার করেন তিনি। সেখানে হ্যাট পরা সাদা পোশাকে হাতে আপেলের ঝুড়ি নিয়ে ক্যামেরাবন্দী হন বুবলী। ১৮ আগস্টও একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেন।
১৯ আগস্ট কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে তিনি লেখেন, ‘মুহূর্ত। জীবন্ত কিংবদন্তি দিলারা ম্যামের সঙ্গে।’ ছবিগুলো ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সময় তোলা বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বুবলী। ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি তুলে ধরে সনদ গ্রহণের সময়কার ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।
২২ ও ২৩ আগস্ট শাড়ি পরা পুরোনো কিছু ছবি প্রকাশ করেন বুবলী। এবার ক্যাপশনে ‘ফ্ল্যাশব্যাক’ হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।
অভিনয়ে আসার আগে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন বুবলী। ২৫ আগস্ট সেই সময়কার কিছু ছবি প্রকাশ করে পুরোনো স্মৃতিতে ফিরে যান তিনি। সহকর্মী ও দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
সবশেষ ২৮ আগস্ট রাতে পুরোনো দিনের আরও কিছু ছবি পোস্ট করেন বুবলী। গোলাপি আভাযুক্ত সাদা গাউন পরা এসব ছবির ক্যাপশনেও ছিল ‘মুহূর্ত’ ও ‘ফ্ল্যাশব্যাক’।
বুবলীর এসব পোস্টে ভক্তদেরও ব্যাপক সাড়া মিলছে। অভিনেত্রী যেমন পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছেন, তেমনি ভক্তরাও তার আগের সময়ের ছবি ও ভিডিও দেখে নস্টালজিয়ায় ভাসছেন।
এদিকে অভিনয়ে বুবলীকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায়। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি ভালো ব্যবসাও করেছে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরীসহ আরও অনেকে।
এমকে/বিএম২৪








