বাংলাদেশ আর ছোট দল নয়, সত্যিকারের হুমকি: অস্ট্রেলিয়ার গণমাধ্যম

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০২:৩০ এএম
বাংলাদেশ আর ছোট দল নয়, সত্যিকারের হুমকি: অস্ট্রেলিয়ার গণমাধ্যম

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ দেশটির গণমাধ্যম। দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশকে আর ‘ছোট’ দল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম।


সিরিজ শুরুর আগে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া এবং একের পর এক চোট—সব মিলিয়ে বেশ চাপে ছিল বাংলাদেশ।


চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ফলে তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছিল।


তবে মাঠে নেমে সব হিসাব পাল্টে দিয়েছে টাইগাররা। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। হাসান মাহমুদ একাই নিয়েছেন ৬ উইকেট। এরপর তানজিদ হাসানের সেঞ্চুরি এবং মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে শক্ত অবস্থান তৈরি করেছে সফরকারীরা।


অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন তানজিদ। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৫৩ রানের লিড পেয়েছে তারা।


বাংলাদেশের এমন পারফরম্যান্সে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও ডেভিড ওয়ার্নার। দেশটির গণমাধ্যমেও বাংলাদেশের লড়াইকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিকেট ডটকম ডট এইউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা মোটেও নখদন্তহীন নয়। বরং বাংলাদেশ এখন আর ‘ছোট’ দল নয়, তারা অস্ট্রেলিয়ার জন্য সত্যিকারের হুমকি।


সিডনি মর্নিং হেরাল্ডের এক বিশ্লেষণেও বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে দলকে একসময় ভুল থেকে শেখার সুযোগ না পাওয়া কিংবা হারের আগেই হাল ছেড়ে দেওয়া নবীন দল হিসেবে দেখা হতো, সেই বাংলাদেশই এবার অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটের প্রকৃত শিক্ষা দিচ্ছে।


অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্স তাই শুধু একটি ম্যাচের চিত্র নয়; বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান নতুন করে জানান দেওয়ারও সুযোগ তৈরি করেছে টাইগাররা।