বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ
সূত্রঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রামের পর ১৮ বছর পর বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচারকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজারসংলগ্ন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে শামা ওবায়েদ উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের বাস্তবায়নে ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই সালথা উপজেলা প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি, এটি সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য, বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সবাই উন্নয়নের জন্য কাজ করবেন। কোনো দাঙ্গা-হাঙ্গামায় জড়াবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।









