বাংলাদেশমেইলে সংবাদ প্রকাশের এক ঘণ্টার মধ্যেই কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশমেইল২৪-এ সংবাদ প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশংসিত হয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মাসতুরি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বোয়ালিয়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এসব তথ্য জানান।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে। একই সঙ্গে তাকে যৌন হয়রানি এবং রাজশাহীতে পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালু মিস্ত্রির মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বান্টি হাসান (১৮), মো. রিয়াজান (২০) ও মো. তাসিন লাবিবকে (১৯) গ্রেপ্তার করা হয়।
আরএমপি জানায়, ভিডিও প্রকাশ ও সংবাদ প্রচারের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিত ফরহাদ এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মাসতুরি উপস্থিত ছিলেন।









