শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:২১ এএম
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

সেদিন শেখ মুজিবের সঙ্গে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।

এ ছাড়া মুজিবের একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়।

একই দিন মুজিবের ভাগনে ও তৎকালীন যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা চালানো হয়। সেখানে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করা হয়।

মুজিবের ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায়ও হামলা চালিয়ে তাকে, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খানকে হত্যা করা হয়।

তবে মুজিবের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তারা তখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। দিনটিতে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এর আগে সেবছরের জুলাই মাসে প্রায় ১৪০০ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে হাসিনার ‍বিরুদ্ধে। হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশে তার বাবার মূর্তি ভেঙে দেয় ছাত্র-জনতা। ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত চলে এই মূর্তি ভাঙার পর্ব। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।