জামায়াত নেতার মাদ্রাসার কক্ষে মিলল সরকারি ধানের বীজ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০২:২১ এএম
জামায়াত নেতার মাদ্রাসার কক্ষে মিলল সরকারি ধানের বীজ

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো


চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মাদ্রাসাটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি স্থানীয় জামায়াত নেতা বলে জানা গেছে।


বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে কক্ষটি খুলতে নির্দেশ দিলে ভেতরে সরকারি আমন ধানের বীজের বস্তা পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, বীজগুলো কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা বিতরণ করা হয়নি। উদ্ধার করা বীজ পরে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।


মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) ও চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী। ইউএনও বলেন, সরকারি বীজ মাদ্রাসার একটি কক্ষে কীভাবে গেল, তা জানতে সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে সরকারি আমন ধানের বীজ বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল। উপজেলা সদর থেকে চরম্বা ইউনিয়ন দূরে হওয়ায় কৃষকদের দুই প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তারা কৃষকদের মধ্যে বীজ বিতরণ না করে মাদ্রাসায় রেখে দেন। প্রায় ১৫ দিন আগেই এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


অন্যদিকে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হলেও বাকি বীজ মাদ্রাসায় রাখা হয়। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।