জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলেই কেবল রাষ্ট্র শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি মজবুত অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে সবাই এখন যে অবস্থায় আছে, তার থেকে ভালো থাকবে। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।” এ সময় দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার তা প্রত্যাশা করে। তবে এর পাশাপাশি দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করা জরুরি। উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লিজ নেওয়া দুটি প্রতিষ্ঠান—প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব পাটকল সফলভাবে পরিচালিত হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা। এ সময় বিজেএমসি ও চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









