গাঁজা সেবনের পর বিমান চালাচ্ছিলেন পাইলট!
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের প্রধান পাইলট ডোপ টেস্টে দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির একাধিক সূত্র। পরীক্ষায় ওই পাইলটের শরীরে গাঁজার সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
গত ৪ আগস্ট ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য নিয়ে এআই-২৩৭৯ ফ্লাইটটি থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। মাঝআকাশে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় এবং তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন। আহতদের মধ্যে দুই ক্রু সদস্যের ঘাড়ে গুরুতর আঘাত লাগে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।
দিল্লিতে অবতরণের পর নিয়মিত স্ক্রিনিংয়ে বিমানের প্রধান পাইলটের শরীরে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও একই ধরনের ফল পাওয়া যায়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষায় গাঁজা সেবনের প্রমাণ মিলেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এয়ারবাস এ৩২০নিও বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সময় ‘নেগেটিভ-জি’ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ককপিটের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি পাইলটও আসন থেকে ভেসে ওঠেন। বিমানের পেছনের দিকে সিটবেল্ট না বাঁধা যাত্রীরাও এতে ছিটকে পড়ে আহত হন।
বিমানটি কেন হঠাৎ উচ্চতা হারিয়েছিল, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাইলটের কোনো পদক্ষেপ, প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় সহকারী পাইলট দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে।
ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই ফ্লাইট পরিচালনা থেকে অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনাটির তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে বিমানের যন্ত্রপাতি, ফ্লাইট ডেটা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নথি, চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি নির্ধারণ করাই তদন্তের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীন ও তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
এমকে/বিএম২৪









