সাভারে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে ডেল মন্টে টিম
সংগৃহীত
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
মানবিক উদ্যোগের অংশ হিসেবে ঢাকার সাভারে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সাভার ডেল মন্টে টিম। ডেল মন্টের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা নারী, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সন্ধ্যায় আয়োজিত এ দাতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিশন গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. শহিদুর রহমান, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কল্পনা আক্তার, পিংকি হাসদা, ওয়াইএমসিএর (YMCA) প্রেসিডেন্ট মিস্টার গিলবার্ট উৎপল মেন্ডিস, শেখ মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ রুমি রহমানসহ অন্যান্য অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা নারী ও বয়স্কদের মতো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ডেল মন্টের সহযোগিতায় সাভার ডেল মন্টে টিমের এ উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। তাঁরা ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি মানবিক, সহমর্মী ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
এমকে/বিএম২৪









