প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

সংগৃহীত

আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি


প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।


সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, জনসভাস্থলের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিএনপি মহানগরের সহসভাপতি মো. ওয়ালিউল হক রানা ও মোহাম্মদ মার্শাল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুজাদ্দিদ জামানি সুমন, জাকির হোসেন রিমন, আসাদুজ্জামান জনি ও সাবেক কাউন্সিলর লিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা পরিষ্কার এবং চলাচলের উপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নগরীর সৌন্দর্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।


জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সড়ক পরিষ্কার রাখা, অবৈধ দখলমুক্ত করা এবং জনসভার সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে প্রস্তুতি ও প্রশাসনিক তৎপরতা বেড়েছে।


এমকে/বিএম২৪