৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৬ এএম
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।


বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।


জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


তিনি আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


এমকে/বিএম২৪