সাইবার নিরাপত্তায় যুক্ত হলো দুই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
সাইবার নিরাপত্তায় যুক্ত হলো দুই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম (এনআরএস) নামে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬–২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিআইআরএস ও এনআরএস চালুর মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় নতুন যুগের সূচনা হয়েছে। তিনি জানান, জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬–২০৩০ ভবিষ্যতের সাইবার নিরাপত্তা কার্যক্রমের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। সিআইআরএসের মাধ্যমে নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠান সহজেই সাইবার-সংক্রান্ত ঘটনা রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে।


ফকির মাহবুব আনাম সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপপ্রচার, অনলাইন হয়রানি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাভাজন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার মাধ্যমে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে। তবে ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গড়ে তুলতে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।


অনুষ্ঠিতে জানানো হয়, সিআইআরএসের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা কাঠামোবদ্ধভাবে সাইবার ঘটনার তথ্য জমা দিতে পারবেন। প্রতিটি অভিযোগ যাচাই, বিশ্লেষণ, প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে।


এছাড়া এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে। ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি ম্যাচিউরিটি রেটিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী চারটি মূল স্তম্ভ ও ১৩১টি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই গ্রেড পর্যন্ত মূল্যায়ন করা হবে।


তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪