দেশ গঠনে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
দেশ গঠনে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও মতবিনিময়ের পর এখন দেশের পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণের সময়। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে ষড়যন্ত্রকারীদের তৎপরতার ওপর নজর রাখতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তিনি বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা, উন্নত শিক্ষা, মানসম্মত চিকিৎসা ও কর্মসংস্থান চায়। একই সঙ্গে তারা সময়মতো তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগও প্রত্যাশা করে। এসব প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন। জনগণের সক্রিয় সম্পৃক্ততার কারণেই আন্দোলন সফল হয়েছে। তিনি দাবি করেন, এই সাফল্য কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।


তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ধারাবাহিকভাবে রাজপথে ছিল এবং জনগণের পাশে অবস্থান করেছে।


বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিভেদ ভুলে দেশ পুনর্গঠন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।



এমকে/বিএম২৪