জুলাই যোদ্ধাদের ওপর হামলা ‘চরম নিমকহারামি’ হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম
জুলাই যোদ্ধাদের ওপর হামলা ‘চরম নিমকহারামি’ হবে: ডা. শফিকুর রহমান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের কোনো ধরনের ক্ষতি করা উচিত নয়। তাদের রক্ত, ত্যাগ ও সাহসিকতার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই তাদের ওপর হামলা, নির্যাতন বা রক্ত ঝরানো হলে তা ‘চরম নিমকহারামি’ হিসেবে বিবেচিত হবে।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন জুলাই যোদ্ধার সঙ্গে তিনি দেখা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এসব আহত মানুষের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার মোহে তাদের ত্যাগ ভুলে যাওয়া বিশ্বাসঘাতকতার শামিল।


তিনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে কারও অবদান যেন আড়াল না হয়। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান তিনি।


মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হয়নি। একই ভুল যেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের ক্ষেত্রে না হয়, সে জন্য সরকারকে উদ্যোগ নিয়ে সঠিক ইতিহাস সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের আগে বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার থাকলেও পরবর্তী সময়ে অনেকেই সেই অবস্থান থেকে সরে গেছেন এবং ভিন্ন বয়ান তৈরি করছেন।


জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামতই সর্বোচ্চ। তাই জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব।


তিনি আরও বলেন, গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলার বিচার কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘর নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে অনিশ্চয়তারও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, জুলাইয়ের স্মৃতি মুছে ফেলার কোনো চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।


দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতা হবে না। কোনো ধরনের আধিপত্যবাদের কাছেও মাথা নত করা হবে না। প্রয়োজনে কারাগার, আয়নাঘর কিংবা মৃত্যুর মুখোমুখি হলেও ন্যায় ও জনগণের অধিকারের প্রশ্নে তারা আপস করবেন না বলেও মন্তব্য করেন তিনি।


এমকে/বিএম২৪