৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় মাদারগঞ্জে সাবেক জামায়াত আমির গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় মাদারগঞ্জে সাবেক জামায়াত আমির গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।


র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা অর্থ আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ মোট সাতটি মামলা রয়েছে।


মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গ্রেপ্তারের পর র‌্যাব তাকে থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি অধিক মুনাফার লোভ দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে সমিতির পরিচালকদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


এমকে/বিএম২৪