পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপি প্রতিনিধির পরিচয়পত্র

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম
পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপি প্রতিনিধির পরিচয়পত্র

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত ইউএনডিপি প্রতিনিধিকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণে তাকে অভিনন্দন জানান।


এ সময় খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকালে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।


জবাবে স্টিফেন রড্রিক্স উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতায় বাংলাদেশের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।


বৈঠকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। স্টিফেন রড্রিক্স বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও গঠনমূলক ভূমিকার প্রতিফলন।


সাক্ষাতে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।



এমকে/বিএম২৪