হারলেও থামেননি কপিল কৃষ্ণ, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ অব্যাহত
সূত্রঃ সংগৃহীত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, নির্বাচনে জয়ী হতে না পারলেও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চিতলমারী জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কপিল কৃষ্ণ মন্ডল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি তিনি কৃতজ্ঞ। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, তিন উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক প্রকল্পের বরাদ্দ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ উল্লেখযোগ্য।
এ ছাড়া কৃষক ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনায় রেখে তিন উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটকে পৌরসভায় উন্নীত করা, চিতলমারীর সুপেয় পানির সংকট নিরসন এবং মোল্লাহাট ও ফকিরহাটে আধুনিক খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগও চলমান রয়েছে বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাগর সুলতান সেলিম, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








