কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, নিন্দার ঝড়
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে সংগীত পরিবেশনের সময় অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন অর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। অনুষ্ঠান চলাকালে দর্শক সারি থেকে তার দিকে পানির বোতল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর সাধারণ দর্শক থেকে শুরু করে সংগীত অঙ্গনের অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। গীতিকার প্রিন্স মাহমুদ এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলে বলেন, হাসান যখন ব্যান্ড নিয়ে গান পরিবেশন করছিলেন, তখন একটি দল ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে দিতে তার দিকে বোতল ছুড়ে মারে। কারা এবং কী উদ্দেশ্যে তারা অনুষ্ঠানে এসেছিল, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রিন্স মাহমুদ আরও বলেন, এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। অনুষ্ঠানে থাকা সিসিটিভি ও মোবাইল ফোনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে জড়িতদের সহজেই শনাক্ত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের যথাযথভাবে পালন করা হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন।
তার এই বক্তব্যে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকা। সংগীতশিল্পী রবি চৌধুরী ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, দোষীদের শনাক্ত করা কঠিন নয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্যদিকে অভিনেতা মিশা সওদাগর সবাইকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
এমকে/বিএম২৪








