হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

সূত্রঃ সংগৃহীত

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের হাটহাজারীতে ১ হাজার ২০০ কৃষক-কিষাণীর মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। বক্তব্যে তিনি কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রশংসা করেন এবং এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা, ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ, কৃষি উপকরণ ও প্রশিক্ষণসহ নানা সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগের কথা বলেন, তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। তাঁর দাবি, হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি হয়েছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের পরিস্থিতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে হাটহাজারীর প্রায় ১ হাজার ২০০ কৃষক-কিষাণী কৃষক কার্ড পেয়েছেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এর আগে ২০২৬ সালের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলার নির্বাচিত কৃষকদের এ কর্মসূচির আওতায় আনার কথা জানানো হয়েছিল।


এমকে/বিএম২৪